দৈনিক নিবার্তা

দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা (দেবহাটা) | সাতক্ষীরার দেবহাটা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, লাঠি ও সাপ খেলা এবং দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ঘোড়ার গাড়ি, রঙিন ফেস্টুন ও ব্যানারে সাজানো র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বনবিবির বটতলায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলা নববর্ষের তাৎপর্য, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের নেতা ও সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল ও সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম প্রমুখ।আলোচনা সভা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। পরে ঐতিহ্যবাহী লাঠি ও সাপ খেলার আয়োজন অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, “বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম বাহক। এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মকে আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত করতে হবে।” শেষে তিনি নববর্ষের এই আয়োজনে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত