নিজস্ব প্রতিবেদক, সোনাগাজী: ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরী গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় তিন শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। স্থানীয় জনকল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন পালগিরী সমাজ উন্নয়ন সংস্থা এই উদ্যোগের আয়োজন করে।সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা ডাঃ অর্জুন চন্দ্র দে-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে গ্রামের নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগে উপকৃত পরিবারগুলোর মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালগিরী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও দারোগার হাট আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ কার্তিক, সেক্রেটারি ও সোনাগাজী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুর করিম, জয়েন্ট সেক্রেটারি ও এনসিপি সোনাগাজী উপজেলা প্রধান সমন্বয়কারী মোঃ আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ দুলাল চন্দ্র দে, সমাজকল্যাণ সম্পাদক সম্রাট দত্ত, ক্রীড়া সম্পাদক মুকুল কান্তি দাশ, আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরই আমরা সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সামান্য এই উপহার তাদের ঈদের আনন্দকে একটু হলেও বাড়িয়ে দেবে—এই প্রত্যাশা থেকেই আমাদের এই উদ্যোগ।” সংগঠনের কর্মকর্তারা আরও জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই পালগিরী সমাজ উন্নয়ন সংস্থা এলাকার হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, স্যানিটেশন সুবিধা উন্নয়ন এবং নারী ও শিশুদের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও গ্রামের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটি কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।