নিজস্ব প্রতিবেদক, ঢাকা | রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।২৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের সময় সাংবাদিকদের উপর পুলিশের লাঠিপেটার ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় অন্তত তিন জন সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন। আহত সাংবাদিকগণ হলেন তোফায়েল (বাংলা নিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)।”তিনি আরও বলেন, “প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আহত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে ঘটনা লাইভ সম্প্রচার করছিলেন, যা গণমাধ্যমের মৌলিক স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার। পুলিশি হস্তক্ষেপে তাঁদের উপর অযাচিত সহিংসতা চালানো কোনোভাবে গ্রহণযোগ্য নয়।”বিবৃতিতে তিনি দাবি করেন, সাংবাদিকতা জনগণের স্বার্থে সত্য তথ্য প্রকাশের পেশা এবং তা কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে দমন করা যায় না।সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি সরকারের নিকট সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জোর দাবি জানাচ্ছি। আহত সাংবাদিকদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার এবং যথাযথ তদন্তের মাধ্যমে দোষী পুলিশকর্মীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।” এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।