দৈনিক নিবার্তা

ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুলের ২৯ দফা ইশতেহার ঘোষণা

ফেনী প্রতিনিধি:  ফেনী সদর-২ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার রাতে শহরের কিং কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ২৯ দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।সংবাদ সম্মেলনে ঘোষিত ইশতেহারে ফেনীর সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও যুব উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।ইশতেহারের উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে রয়েছে— ফেনীর পরিত্যক্ত দোস্ত টেক্সটাইল মিলের জায়গায় শিল্প পার্ক ও এসএমই জোন স্থাপন, প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করতে “ফেনী ইনভেস্টমেন্ট ডেস্ক” গঠন, যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন এবং সদর হাসপাতালে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার চালু।নারী উদ্যোক্তাদের সহায়তায় “অদম্য নারী তহবিল” নামে বিশেষ তহবিল গঠন, শহীদ জহির রায়হান হল পুনঃনির্মাণ করে বহুতল সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা, প্রতিটি ইউনিয়নে বিজনেস সাপোর্ট সেন্টার স্থাপন এবং বিদেশ ফেরতদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সেলিং ব্যবস্থার ঘোষণাও রয়েছে ইশতেহারে।এছাড়া যুবকদের জন্য মোবাইল সার্ভিস ভ্যান চালু, শহরের অদূরে আধুনিক স্পোর্টস জোন নির্মাণ এবং পানি, বিদ্যুৎ, গ্যাস ও ড্রেনেজ সংক্রান্ত অভিযোগের জন্য ডিজিটাল অ্যাপ চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।ইশতেহারে আরও বলা হয়, ফেনীর তরুণদের জন্য সমবায়ভিত্তিক রাইড শেয়ারিং ব্যবস্থা, শহরের যানজট নিরসনে পাঁচগাছিয়া রোড ও পাগলামিয়া সড়ক ওয়ান ওয়ে, শিশুদের জন্য সরকারি উদ্যোগে বিনোদন পার্ক নির্মাণ এবং হারিয়ে যাওয়া মক্তব শিক্ষা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।পুরাতন এয়ারপোর্ট পুনরায় চালু, জলাবদ্ধতা নিরসনে খাল প্রশস্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, সকল প্রাচীন খেলার মাঠের জন্য বিশেষ বরাদ্দ, উপজেলায় মানসম্মত আবাসিক মাধ্যমিক বিদ্যালয় স্থাপন এবং মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে পঞ্চায়েত ব্যবস্থা পুনরায় চালু করার কথাও তুলে ধরা হয়।অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে লালপোল ও গুদাম কোয়ার্টার রেলগেটে ফ্লাইওভার/আন্ডারপাস নির্মাণ, ফেনী সরকারি পাইলট হাই স্কুল ও সরকারি কলেজের পুরাতন স্থাপত্যের আদলে নতুন ভবন নির্মাণ, যানজট নিরসনে সকল সিএনজি স্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তর এবং হকারদের পুনর্বাসনে শুক্র ও শনিবার হলি-ডে মার্কেট চালুর ঘোষণা দেন তারিকুল ইসলাম ভূঁইয়া।এছাড়াও নারীদের ব্যায়াম ও হাঁটার জন্য ফেনী মডেল থানার পুকুরপাড়ে বিশেষ জোন, শহরে আগত মা-বোনদের জন্য বিশেষ টয়লেট স্থাপন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মাছের আড়ত দেওয়ানগঞ্জে স্থানান্তরের ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে তারিকুল ইসলাম ভূঁইয়া ছাড়াও তার সমর্থক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুলের ২৯ দফা ইশতেহার ঘোষণা