দৈনিক নিবার্তা

সাভারে সেনাবাহিনীর মধ্যরাতের রুদ্ধশ্বাস অভিযান: ৪ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক, সাভার: সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই ও মাদক কারবার দমনে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ চার সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।সেনাবাহিনী সূত্রে জানা যায়, সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল বাসস্ট্যান্ড ও সংলগ্ন সড়কে দায়িত্ব পালনকালে দেখতে পায়, একদল ছিনতাইকারী নির্জন স্থানে কয়েকজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করছে। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে শুরু হয় ধাওয়া।তাৎক্ষণিক কৌশলগত অবস্থান গ্রহণ করে ঘটনাস্থল থেকেই দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চিরুনি অভিযান চালিয়ে চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জাহাঙ্গীর আলম (৩৫), মো. রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮) এবং মো. রাসেল (১৮)।আটক ব্যক্তিদের দেহ ও তাদের বহনকৃত ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা ও মদ। এছাড়া বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র, মাদক সেবনের সরঞ্জাম এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি রাতের আঁধারে পথচারী ও শ্রমজীবী মানুষদের টার্গেট করে ছিনতাই ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাত হলেই আমরা আতঙ্কে থাকতাম। সেনাবাহিনীর এই অভিযানের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।”অভিযান শেষে গ্রেপ্তার চারজন এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সাভারে সেনাবাহিনীর মধ্যরাতের রুদ্ধশ্বাস অভিযান: ৪ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার।