দৈনিক নিবার্তা

চট্টগ্রাম শুলকবহরে কাউন্সিলর হিসেবে আবু আহমেদ মিঞাকে দেখতে চান সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম মহানগর : চট্টগ্রাম মহানগরের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে কাউন্সিলর পদে সাবেক ছাত্রনেতা আবু আহমেদ মিঞাকে দেখতে চান তার সমর্থক ও এলাকাবাসীর একটি অংশ। তারা মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সম্পৃক্ততার কারণে তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।স্থানীয় সূত্রে জানা যায়, আবু আহমেদ মিঞা ১৯৭৪ সালে ফেনীর সোনাগাজী উপজেলায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষে চট্টগ্রাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি কিছুদিন মাদ্রাসায় শিক্ষকতা করেন। ১৯৯৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে চাকরি হারানোর পর দীর্ঘ সময় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।রাজনৈতিক জীবনে ছাত্রাবস্থায় বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের মাধ্যমে তার সম্পৃক্ততা শুরু হয়। পরবর্তীতে জাতীয়তাবাদী ধারার ছাত্ররাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি সোনাগাজী কলেজ ছাত্রদলের সাহিত্য সম্পাদক, পাহাড়তলী কলেজ ছাত্রদলের বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা সম্পাদক এবং বঙ্গবন্ধু ল’ টেম্পল ছাত্রদলের আইন সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।এছাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন।সমর্থকদের দাবি, তৃণমূল থেকে উঠে আসা এবং প্রচারবিমুখ এই নেতা দীর্ঘদিন সংগঠনের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছেন। তারা বলেন, “আবু আহমেদ মিঞা দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করেছেন। তাকে যথাযথ মূল্যায়ন করে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন দেওয়া হলে তিনি এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।” ওয়ার্ডের সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম শুলকবহরে কাউন্সিলর হিসেবে আবু আহমেদ মিঞাকে দেখতে চান সমর্থকরা