নিজস্ব প্রতিবেদক, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) | মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রাক্কালে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টা ১১ মিনিটে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু–এর দেওয়ান ইদ্রিস ভিলা, ব্যাংক কলোনি বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির ১১ দলীয় জোটের নেত্রী দিলশানা পারুল।সাক্ষাৎকালে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাভার–আশুলিয়া এলাকার জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে দিলশানা পারুল বলেন, “২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের আগে এটি একটি অরাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ ছিল। ভাষা দিবস আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। সেই চেতনা থেকেই আমরা নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি।”এসময় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “মহান ভাষা আন্দোলনের চেতনা আমাদের গণতন্ত্রের ভিত্তি। এলাকার উন্নয়ন ও গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় উভয় পক্ষের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।